প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 15, 2025 ইং
ভালুকায় পৃথক দুটি মামলায় পিতাপুত্র সহ ৩ জন গ্রেফতার
‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ এর অভিযানে ময়মনসিংহের ভালুকায় সন্ত্রাসী কার্যক্রম ও নাশকতার পৃথক দুটি মামলায় পিতা পুত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতদেরকে রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের এসএনএস সিএনজি স্টেশন সংলগ্ন এলাকা থেকে ভালুকা মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলার পলাতক আসামী, নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. জুবায়ের হোসেন সিয়াম (২০) ও ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোখছেদুল আহম্মেদ সানি (২০)কে গ্রেফতার করা হয়। সন্ত্রাস বিরোধী আইনে (মামলা নং-২১ তাং ১১ নভেম্বর-২৫) তাদেরকে জেলে হাজতে প্রেরণ করা হয়।
অপরদিকে, ২০১৮ সালে বিএনপি অফিস ভাংচুরের ঘটনায় ১১ সেপ্টেম্বর-২৪ ভালুকা মডেল থানায় বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলার (যার নং-১১) পলাতক আসামি, নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. জুবায়ের হোসেন সিয়ামের পিতা, মেদুয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও ইউপি সদস্য মো. আতিকুর রহমান খান ওরফে রিটু মেম্বার (৫৮)কে শনিবার রাতে মেদুয়ারী ইউনিয়নের বান্দিয়া গ্রামের নিজ বাসা থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন ভালুকা মডেল থানার পুলিশ।
ভালুকা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আঃ মালেক জানান, সন্ত্রাস ও নাশকতার অভিযোগে গ্রেফতারকৃত তিনজনকে আদালতে সোপর্দ করে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়েছে। ফজলে হাসান, ভালুকা থেকে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com